ফুটবল অবকাঠামো উন্নয়নের জন্য ফিফা-সৌদির নতুন চুক্তি
স্পোর্টস ডেস্ক: গেল কয়েক বছর ধরে ফুটবলে বিনিয়োগে সক্রিয় সৌদি আরব এবার আরও বড় পদক্ষেপ নিয়েছে। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (SFD) এবং ফিফা নতুন চুক্তি ঘোষণা করেছে, যার আওতায় বিশ্বব্যাপী ফুটবল অবকাঠামোর উন্নয়নের জন্য সর্বোচ্চ ১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সরবরাহ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত ঘাটতি দূর করা এবং ফুটবলের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাদের ফিফা সদস্য অ্যাসোসিয়েশনগুলো সেই সুযোগ সুবিধা পাবে যা ফুটবলকে সত্যিই বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে।”
ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এই চুক্তি উন্নয়নশীল দেশগুলোর খেলাধুলা কাঠামোকে শক্তিশালী করার জন্য যৌথ প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ।”
সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইনফান্তিনো আরও বলেন, “অবকাঠামো তৈরি এবং উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই আমি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট, তাদের সিইও এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই, যাঁরা এই অংশীদারিত্ব বাস্তবে রূপ দিয়েছেন।”
সৌদি আরব প্রথমবারের মতো ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজন করবে। এছাড়াও ২০২৬ সালের বিশ্বকাপের জন্য স্পনসর হিসেবে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোকে অন্তর্ভুক্ত করেছে ফিফা।
সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সিইও সুলতান বিন আবদুলরহমান আল-মারশাদ বলেছেন, “আমরা বিশ্বাস করি খেলাধুলার শক্তি মানুষের জীবন পরিবর্তন করতে পারে। আমরা আমাদের দক্ষতা ও সম্পদ মিলিয়ে কাজ করছি। এই ঋণ এবং ফিফার প্রযুক্তিগত সহায়তা কেবল ভেন্যু তৈরি করতেই নয়, বরং দীর্ঘমেয়াদি প্রভাবও তৈরি করবে। আমরা এমন অবকাঠামোতে বিনিয়োগ করছি যা মানব সম্ভাবনা উন্মোচন করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, তরুণদের ক্ষমতায়ন করবে এবং প্রজন্মের জন্য সম্প্রদায়কে শক্তিশালী করবে।”
সমঝোতা স্মারকের আওতায় SFD ফুটবল অবকাঠামো তৈরি ও উন্নয়নের জন্য ঋণ সরবরাহ করবে। এছাড়াও তারা প্রকল্পের ডিজাইন ও বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দেবে। ফিফা জানিয়েছে, এটি নিশ্চিত করবে যে সব সুবিধা আন্তর্জাতিক মান এবং টেকসই মানদণ্ড পূরণ করবে।










