61150

ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: ধরমজির কাছে তিনি ছিলেন পুত্রসম। তাই ধর্মেন্দ্রর মৃত্যু পিতা হারানোর সমান শাহরুখের কাছে। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ে পাওয়ান হ্যান্স শ্মশানে পুত্র আরিয়ানকে সঙ্গে নিয়েই প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন শাহরুখ খান।

পরে নিজের সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে নিয়ে তুলে ধরেন মনের কথা। শাহরুখ লিখেছেন, ‘শান্তিতে থাকুন ধরমজি। আপনি আমার বাবার মতো ছিলেন। আপনি আমাকে যে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।”

ads

পরে তিনি আরো লিখেন,“এই প্রয়াণ শুধু আপনার পরিবারের ক্ষতি নয়, বিশ্বজুড়ে সিনেমা এবং চলচ্চিত্র প্রেমীদের জন্যও অপূরণীয় ক্ষতি। আপনি অমর। আপনার আত্মা বিপুল চলচ্চিত্রের সম্ভার এবং পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে।”

তবে কেবল শাহরুখ নন, ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, “সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আপনার উষ্ণতা, আপনার দয়া, আপনার উদারতা, আপনার আকর্ষণ, আপনার তীব্রতা এবং আপনার বুদ্ধিমত্তা, পর্দার ভেতরে এবং বাইরে অনুভব করতে পেরেছি। দেওল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

ads

বলিউড ‘হি-ম্যান’-এর শেষকৃত্য খুব ব্যক্তিগতভাবে পালন করেছেন পরিবার। তাই হাতেগোনা কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, সঞ্জয় দত্ত-এর মতো তারকাদের দেখা গিয়েছিল শেষকৃত্যে অংশ নিতে। কঠোর নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। তাই গোটা অনুষ্ঠানটিই পুরোপুরি গোপন রাখা হয়েছিল।

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তী। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।

অ্যাকশন থেকে কমেডি সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। তার মৃত্যুতে বলিউড হারাল তার অন্যতম শক্তিশালী অভিভাবককে।-হিন্দুস্থান টাইমস

ad

পাঠকের মতামত