জি-২০ ঘোষণাপত্রে ফিলিস্তিন-ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে বিশ্ব নেতারা ফিলিস্তিন ও ইউক্রেনসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। শনিবার সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়, ‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা অনুযায়ী আমরা সুদান, কঙ্গো, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং ইউক্রেনে একটি ন্যায্য, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব।’

ঘোষণাপত্রে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘এই অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা স্থায়ী স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করতে পারি।’ বিশ্বজুড়ে অন্যান্য সংঘাত ও যুদ্ধ নিরসনেও নেতারা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া দেশটির সম্প্রচার মাধ্যম এসএবিসিকে নিশ্চিত করেছেন যে, শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। উল্লেখ্য, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে না। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করছে।
জি-২০ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর একটি সংগঠন, যা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা হলো—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন।











