মারা গেলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ
নিউজ ডেস্ক: সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (২৯শে সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিষয়টিটি নিশ্চিত করেছেন।
এদিকে, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর কথা জানান। তিনি লেখেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ছিলেন।










