গাজা প্রসঙ্গে ওআইসির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানালো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরবের মন্ত্রিসভা। দেশটির পক্ষ থেকে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদশাহ সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রী পরিষদ জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফলাফলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠক ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসন মোকাবেলায় অনুষ্ঠিত হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সহিংসতা বন্ধ করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ করার জন্য রিয়াদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে সৌদি মন্ত্রিসভা।
মন্ত্রীরা সাম্প্রতিক উচ্চ-স্তরের বৈঠকের ফলাফলও পর্যালোচনা করেছেন, যার মধ্যে রয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ।











