কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে মারা গেলেন মফিজুল ইসলাম
নিউজ ডেস্ক: কুমিল্লায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক পরিবহণ ব্যবসায়ী মফিজুল ইসলাম। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউপির আড়াইওড়া (মোল্লাবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।
ভিকটিম মফিজুল ইসলামের পুত্র ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, বিগত কয়েক বছর যাবৎ আড়াইওড়া এলাকার আজাদ ও ফারুকসহ কিছু উশৃংখল মানুষজন নিয়ে আমাদের বসত ভিটার জায়গা দখল এবং ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমারা ইতিমধ্যে তাদেরকে ২ লক্ষ টাকা দিয়েছি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে তাদের সাথে সালিশ দরবারও হয়েছে, কিন্তু তারা রায় মানে না। ঘটনার দিন শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আজাদ ও ফারুকসহ ১৫/২০ জন অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে জায়গা মাপ-ঝোঁপ করতে থাকে এবং বাউন্ডারি ওয়াল নির্মান করবে বলে হুমকি ধমকি দিতে থাকে। এক পর্যায়ে আমার অসুস্থ বাবা মফিজুল ইসলাম অজ্ঞান হয়ে যায়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় আমার মা লুৎফা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আজাদ, ফারুক সহ ১০ জন এবং অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে থানায় এজহার দায়ের করেছে। আমি এ ঘটনার সুস্থ বিচার দাবী করছি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মফিজুল ইসলামের মৃত্যুর ঘটনায় থানায় এজহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।










