59250

কুমিল্লা-০৯ আসনের সীমানা পুনর্বহাল ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের পূর্বের সীমানা পুনর্বহাল এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাইপাস সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে ‘লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি’।

ads

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের মুখপাত্র অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সমাবেশে তিনি বলেন, “আমরা ২০০০ সাল থেকে লাকসামকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। এখন নির্বাচন কমিশন হঠাৎ করে ঐতিহ্যবাহী লাকসাম-মনোহরগঞ্জকে বিভক্ত করার অপচেষ্টা করছে। আমরা এই খসড়া গেজেট প্রত্যাখ্যান করছি। এটি অবিলম্বে বাতিল করে কুমিল্লা-০৯ আসনের পূর্বের সীমানা পুনর্বহাল করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কুমিল্লাকে বিভাগ ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে লাকসামবাসীর প্রাণের দাবি—লাকসামকে জেলা ঘোষণা করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা এ দাবি করে আসছি। এ দাবি পূরণ না হলে, আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের উপায় আমরা জানি। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, তবে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

ads

সমাবেশে স্থানীয় বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, লাকসাম একটি ঐতিহ্যবাহী শহর এবং এখানে জেলা সদর হিসেবে সব ধরনের অবকাঠামো ও প্রশাসনিক সুবিধা রয়েছে। দ্রুত লাকসামকে জেলা ঘোষণার মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার আহ্বান জানান তারা।

ad

পাঠকের মতামত