ইমরান খানের দুই ছেলের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্পের দূত, যে বার্তা দিলেন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে—সুলাইমান ইসা ও কাসিম খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় এ সাক্ষাতের সময় গ্রেনেল ইমরান খানের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন এবং তার গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে অভিহিত করেন।
এক্স-এ পোস্ট করা এক বার্তায় গ্রেনেল ইমরান খানের দুই ছেলেকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্যালিফোর্নিয়ায় স্বাগতম, বন্ধুরা। আজ তোমাদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। সুলাইমান ও কাসিম খান, তোমাদের দৃঢ় থাকতে হবে। গোটা বিশ্বে কোটি কোটি মানুষ রাজনৈতিক হয়রানিতে বিরক্ত—তোমরা একা নও।’
গ্রেনেলের এই মন্তব্য এমন সময় এলো যখন ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন এবং তার বন্দিদশার অবস্থা নিয়ে পিটিআই নেতারা ও মানবাধিকারকর্মীরা ক্রমাগত সমালোচনা করে চলেছেন।
উল্লেখ্য, রিচার্ড গ্রেনেল ইমরান খানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এটাই প্রথম নয়। এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় নিউজম্যাক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের আমলে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো ছিল, কারণ তখন ইমরান খান ক্ষমতায় ছিলেন।
গ্রেনেল বলেন, ‘আমরা ট্রাম্প প্রশাসনের সময় পাকিস্তানের সঙ্গে অনেক ভালো সম্পর্ক উপভোগ করেছি, যখন একজন ‘ইমরান খান’ নামক ব্যক্তি দেশটির নেতা ছিলেন। কারণ তিনি ছিলেন একেবারেই ভিন্নধর্মী একজন রাজনীতিক—সাবেক ক্রিকেটার, পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক। তিনি প্রচলিত রাজনীতিক ছিলেন না এবং সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন। তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি চাই ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করা হোক। বর্তমানে তিনি কারাবন্দি এবং তার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে যেগুলো অনেকটাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের মতো। ক্ষমতাসীন দল তাকে কারাগারে পাঠিয়েছে, দুর্নীতির অভিযোগ তৈরি করেছে, যেগুলোর ভিত্তি নেই।’
কারাগারের অবস্থা নিয়ে উদ্বেগ
এদিকে, পিটিআই দলের পক্ষ থেকে ইমরান খানের কারাগারের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াক্কাস আকরম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘খান সাহেবকে ‘ডেথ সেল’-এ রাখা হয়েছে। তাকে বই, টেলিভিশন বা পত্রিকা—কোনো কিছুরই সুযোগ দেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে, এমনকি একজন সাধারণ বন্দির মতো ন্যূনতম অধিকারও দেওয়া হয়নি। এটা অত্যন্ত উদ্বেগজনক, কারণ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং পুরো জাতি তার সুস্থতা ও নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত।’
আকরম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চলমান রাজনৈতিক ও বিচারিক চাপ, সঙ্গে কারাগারে অমানবিক পরিস্থিতি—এইসব মিলে দেশকে একটি সাংবিধানিক ও মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’










