58905

ট্রাম্পের সঙ্গে ড্রোনের বিনিময়ে ব্যাপক চুক্তি করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন এবং কিয়েভ একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক অস্ত্র ক্রয় চুক্তি বিবেচনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই চুক্তির আওতায়, ইউক্রেনের যুদ্ধ পরীক্ষিত ড্রোনের বিনিময়ে মার্কিন অস্ত্র কেনা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে বুধবার (১৬ জুলাই) দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, দুদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার সম্ভাব্যতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছেন তিনি। আমাদের ড্রোন প্রযুক্তি মার্কিনিদের প্রয়োজন।

ads

তিনি দাবি করেন, এই ড্রোনের কল্যাণেই তিন বছরের বেশি সময় ধরে রুশ আগ্রাসন মোকাবেলা করে আসছে ইউক্রেন।

এখন ড্রোন প্রযুক্তি তারা মার্কিনি এবং অন্যান্য ইউরোপীয়দের সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এই ইস্যুতে ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানির সঙ্গেও আলাপ হওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।

ads

বৃহস্পতিবার ইউক্রেনীয় পার্লামেন্টে নতুন সরকার গঠনের প্রস্তাব দিতে গিয়ে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কিছু ভবিষ্যৎ চুক্তি হতে যাচ্ছে যা ইউক্রেনকে আরও শক্তিশালী করে তুলবে।

পরবর্তী বছরের মার্কিন প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বাজেটের খসড়ায় ছোট আকারের ড্রোন খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে ড্রোনের কার্যকারিতা থেকেই এই সিদ্ধান্ত এসেছে, কারণ এই স্বল্পমূল্যের প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

ad

পাঠকের মতামত