58869

ইউক্রেনের জন্য অস্ত্র চুক্তিতে জার্মানি ‘নির্ধারকের ভূমিকা’ পালন করবে: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সোমবার বলেছেন, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি নতুন চুক্তিতে জার্মানি নির্ধারকের ভূমিকা পালন করবে।

বার্লিন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্জ এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমি ও প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছি। আমি তাকে আশ্বস্ত করেছি যে জার্মানি এই বিষয়ে নির্ধারকের ভূমিকা পালন করবে।’

ads

সোমবার ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুট একটি চুক্তি সম্পন্ন করেছেন। এই চুক্তির অধীনে ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল ব্যাটারিসহ বিভিন্ন অস্ত্র কিনে সেগুলো ইউক্রেনে পাঠাবে।

ন্যাটো প্রধান মার্ক রুট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এর মানে হলো ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

ads

মার্জ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্বার্থে এটি করছি। জার্মানি এখনো তার মিত্রদের সাথে পরিকল্পনার বিস্তারিত স্পষ্ট করার জন্য কাজ করছে।’

তিনি আরো বলেন, জার্মানি এই চুক্তিতে ন্যাটো মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে সহায়তা করবে। এভাবেই মস্কোর ওপর শান্তি আলোচনার জন্য চাপ বাড়বে।

এদিকে ওয়াশিংটন সফরকালে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, চুক্তির আওতায় জার্মানি দুটি প্যাট্রিয়ট সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছে। জার্মানি ন্যাটো জোটে একটি নেতৃস্থানীয় ও নির্ভরযোগ্য ভূমিকা পালন করে যাবে।

সূত্র : বাসস

ad

পাঠকের মতামত