58481

নিজের ২০ হাজার কোটি ডলারের ৯৯ ভাগই দান করবেন বিল গেটস, পাচ্ছেন কারা

আন্তর্জাতিক ডেস্ক: নিজের ২০ হাজার কোটি ডলারের সম্পদের ৯৯ ভাগই দান করে দেয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এবার তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকা মহাদেশভুক্ত দেশগুলোর স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা হবে। ৬৯ বছর বয়সী গেটস বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’

দুর্ভিক্ষ জর্জরিত ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। এ মহাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে তরুণ উদ্ভাবকদের চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

ads

চলতি বছরের মে মাসে সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দেয়ার সময় তিনি জানিয়েছিলেন, তার আশা ২০৪৫ সালের মধ্যে এই সম্পদ ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ওই সময় ফাউন্ডেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে তার।

আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে দেয়া ভাষণে তিনি বলেন, ‘সম্প্রতি আমি প্রতিজ্ঞা করেছি যে আগামী দুই দশকে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সহায়তা করার জন্য ব্যয় করা হবে।’

ads

মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘সংকটময় মুহূর্তে এ ঘোষণা এসেছে’। তিনি বলেন, ‘রূপান্তরের এই পথে হাঁটতে বিল গেটসের অবিচল প্রতিশ্রুতির ওপর ভরসা করছি আমরা।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তার সরকার আফ্রিকায় এইচআইভি বা এইডস রোগীদের চিকিৎসার কর্মসূচিসহ অন্যান্য সহায়তার ফান্ড বন্ধ করে দিয়েছে। ফলে এই মহাদেশে স্বাস্থ্যসেবার ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিল গেটস জানিয়েছেন, তার ফাউন্ডেশনের আফ্রিকায় দীর্ঘদিনের কার্যক্রম চালানোর ইতিহাস রয়েছে, তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে বেশি নজর দেবে।

ad

পাঠকের মতামত