57796

ওপিওয়েড মামলায় ৩৫০ মিলিয়ন ডলার জরিমানা দেবে ওয়ালগ্রিনস ফার্মেসি

আন্তর্জাতিক ডেস্ক: ওপিওয়েডসহ নিয়ন্ত্রিত ওষুধের লক্ষাধিক অবৈধ প্রেসক্রিপশন তৈরির অভিযোগে অভিযুক্ত ফার্মেসি চেইন ওয়ালগ্রিনস ৩৫০ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে গত শুক্রবার (১৮ এপ্রিল) হওয়া এই সমঝোতা অনুযায়ী, ওয়ালগ্রিনসকে কমপক্ষে ৩০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।

ads

যদি ২০৩২ সালের আগে কোম্পানিটি বিক্রি, একীভূত বা মালিকানা পরিবর্তন হয়, তাহলে অতিরিক্ত আরও ৫০ মিলিয়ন ডলার গুনতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ফেডারেল আদালতে জানুয়ারিতে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছিল, ২০১২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ওয়ালগ্রিনস ইচ্ছাকৃতভাবে লাখ লাখ অবৈধ প্রেসক্রিপশন পূরণ করেছে।

এর মধ্যে অতিরিক্ত মাত্রার ওপিওয়েডের প্রেসক্রিপশন এবং নির্ধারিত সময়ের অনেক আগেই ওষুধ সরবরাহ করার মতো ঘটনাও রয়েছে।
এমন সময় এই রায় এলো যখন ওয়ালগ্রিনস ক্রমাগত কমে আসা গ্রাহকসংখ্যা এবং বাজারের শেয়ার হারানোর মুখোমুখি।

ads

গত অক্টোবরেই প্রতিষ্ঠানটি দেশজুড়ে ১,২০০টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছিল। একই সময় প্রতিদ্বন্দ্বী রাইট এইড আর্থিক ক্ষতি ও ওপিওয়েড মামলার চাপে দেউলিয়া হওয়ার আবেদন করে।
এমনকি ২০২৩ সালের ডিসেম্বরে সিভিএস-এর বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়ের করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
সরকারি অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওয়ালগ্রিনস অবৈধভাবে পূরণ করা বহু প্রেসক্রিপশনের জন্য মেডিকেয়ারসহ বিভিন্ন ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় অর্থ প্রদানের আবেদন করেছিল, যা ‘ফলস ক্লেইমস অ্যাক্ট’ লঙ্ঘন করে।

১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ওপিওয়েড অতিরিক্ত মাত্রায় গ্রহণের কারণে ৭ লাখেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সূত্র: সিএনএন

ad

পাঠকের মতামত