57697

জাপানের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, জাপানের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি এড়াতে চালানো আলোচনায় যুক্তরাষ্ট্র ও জাপান বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।

আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন, ‘বাণিজ্য বিষয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে এইমাত্র সাক্ষাৎ করতে পারাটা বিরাট সম্মানের। বড় অগ্রগতি হয়েছে!’

ads

এর আগে বুধবার দিনের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি ব্যক্তিগতভাবে আলোচনায় অংশ নেবেন এবং এতে জাপানের প্রতি মার্কিন সামরিক সহায়তা ও তাঁর ভাষায় ‘বাণিজ্যিক ন্যায্যতা’র মতো বিষয়গুলো স্থান পাবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের জন্য ১০% শুল্কের যে ভিত্তিস্তর নির্ধারণ করেছিলেন, তার চেয়ে বেশি শুল্ক এড়াতে বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ‘পারস্পরিক’ শুল্ক নীতির আওতায় জাপানের ওপর ২৪% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল। তবে, জাপানসহ বেশ কয়েকটি দেশকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ৯০ দিনের একটি বিরতি দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সময়ে এই ১০% ভিত্তিস্তর বহাল থাকছে।

ads

তবে, ট্রাম্পের এই আশাবাদী বক্তব্যের পরেও বুধবারের আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জিত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত