জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি, তা যদি তোমরা না করো, তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’
জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসার বিষয়টি স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র এত দিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে ‘নরকের পরিণতি ভোগ করতে হবে’। তবে ইসরায়েলকে কী ধরনের সহায়তা পাঠিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দাও এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছ, সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দাও। অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে।’
হামাস নেতাদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘(হামাস) নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়। এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে।’
গাজার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘গাজার লোকজনকে বলছি, সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। যদি তোমরা এটি করো, তাহলে তোমরা শেষ।’
ট্রাম্প এই প্রথম হামাসকে উদ্দেশ করে এমন হুমকি দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি বলেছেন, তাঁর অভিষেকের সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ‘নরকের পরিণতি ভোগ করতে হবে’। সূত্র: বিবিসি










