ইউক্রেইন আলোচনায় ইচ্ছুক, রাশিয়া শান্তির জন্য প্রস্তুত: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বলেছেন, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠি পেয়েছেন তিনি আর তাতে ইউক্রেইনীয় নেতা রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
ট্রাম্প ওই চিঠির লাইন উদ্ধৃত করে বলেন, “দীর্ঘস্থায়ী শান্তি নিকটতর করতে ইউক্রেইন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। শান্তি ইউক্রেইনীয়দের চেয়ে বেশি আর কেউ চায় না।”
ট্রাম্প আরও জানান, তিনি ‘রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায়’ আছেন আর ‘তারা শান্তির জন্য প্রস্তুত আছে এমন জোরালো ইঙ্গিত পেয়েছেন’।
তিনি বলেন, “এটি কি সুন্দর হবে না? এই পাগলামি বন্ধ করার সময় এখন। সময় এখন এসব হত্যাকাণ্ড বন্ধ করার । সময় এখন এই অর্থহীন যুদ্ধ বন্ধ করার। যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনার উভয়পক্ষের সঙ্গেই কথা বলতে হবে।”
কংগ্রেসের এই বক্তৃতায় ট্রাম্প তার ইউক্রেইন ও রাশিয়া বিষয়ক পরিকল্পনার রূপরেখা নিয়ে আরও কিছু বলবেন বলে ধারণা করা হচ্ছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এ যুদ্ধ কীভাবে শেষ করার পরিকল্পনা করেছেন তা প্রকাশ করেননি তিনি।
ইউক্রেইন তাদের মূল্যবান খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছেন ট্রাম্প।
এই চুক্তিটি স্বাক্ষর করতেই গত শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন গিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউজের ওভাল দপ্তরে বিপর্যয়কর বৈঠকের পর খনিজ চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা থমকে যায়।
পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত চার ব্যক্তি মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ও ইউক্রেইন মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে এই চুক্তিটি স্বাক্ষর করার পরিকল্পনা করেছে।
কিন্তু পরে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে জিজ্ঞেস করা হলে ফক্স নিউজকে তিনি বলেন, “(এটি) স্বাক্ষরের কোনো পরিকল্পনা হয়নি।”
ট্রাম্পও এই খনিজ চুক্তি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি। এতে চুক্তিটির ভাগ্যে কী ঘটবে তা অনিশ্চিতই রয়ে গেছে বলে লিখেছে রয়টার্স।










