56685

রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে লেবাননের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সফরে গিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার (৩ মার্চ) রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আউন। বৈঠকে তারা লেবানন ও অঞ্চলের সর্বশেষ উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

এক প্রতিবেদনে মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

ads

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সৌদি সফরে আসা আউনের জন্য রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। বৈঠকে সৌদি ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আউন বলেছিলেন, সৌদি আরব সফর দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা পুনর্নিশ্চিত করার একটি সুযোগ।

ads

এছাড়া তিনি লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং এর প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা সমর্থনে সৌদি আরবের ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে রিয়াদের দেওয়া বিভিন্ন ধরনের সহায়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবানিজ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলের আরব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মঙ্গলবার মিশরের কায়রোতে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে লেবাননের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনাপ্রধান আউন। যার ফলে লেবাননের দুই বছরেরও বেশি সময়ের প্রেসিডেন্টশূন্যতার অবসান ঘটেছে।

ad

পাঠকের মতামত