জাতিসংঘ মহাসচিব মার্চে ঢাকায় আসছেন
নিউজ ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। সফরকালে গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য দেন জুলি বিশপ।
এ সময় ড. ইউনূস ও জুলি বিশপ রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস বলেছেন, জাতিসংঘ এই বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে এবং তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপকে এই গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। ‘আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে’ জানিয়ে প্রধান উপদেষ্টা জুলি বিশপকে বলেন, মালয়েশিয়া ও ফিনল্যান্ড সম্মেলনের সহ-সহায়ক হতে সম্মত হয়েছে।
গৃহযুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসনে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের আগমন রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তাও কামনা করেছেন অধ্যাপক ইউনূস।
বৈঠকে তারা মার্কিন পররাষ্ট্র নীতির নতুন দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তার পর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও দাতা সংগ্রহের বিষয়েও আলোচনা করেন।










