১৫ চত্বরের নামকরণে সৌদি ইমাম-বাদশাহদের স্মরণ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান রিয়াদের ১৫টি চত্বরের নামকরণের নির্দেশ দিয়েছেন। চত্বরগুলোর নামকরণ করা হবে সৌদি রাষ্ট্রের প্রখ্যাত ইমাম ও বাদশাহদের নামে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে আরব নিউজ এই খবর জানিয়েছে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) এই উদ্যোগ কার্যকর করা হচ্ছে। সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই পদক্ষেপ সৌদি নেতৃত্বের সেই সকল শাসকদের উত্তরাধিকারকে সম্মান জানানোর প্রতিফলন, যারা তিন শতাব্দীরও বেশি সময় ধরে সৌদি আরবের প্রতিষ্ঠা, ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই নেতারা সৌদি আরবের সম্পদ রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সমৃদ্ধিতে অভূতপূর্ব অবদান রেখেছেন।
রিয়াদের প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত এই চত্বরগুলোর নামকরণ করা হয়েছে সৌদি রাষ্ট্রের ঐতিহাসিক ব্যক্তিত্ব ইমাম এবং বাদশাহদের নামে। নামকরণে যাদের নাম ব্যবহার করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ইমাম মুহাম্মদ বিন সৌদ, ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ, ইমাম সৌদ বিন আবদুল আজিজ, ইমাম আবদুল্লাহ বিন সৌদ, ইমাম তুর্কি বিন আবদুল্লাহ, ইমাম ফয়সাল বিন তুর্কি, ইমাম আবদুল্লাহ বিন ফয়সাল এবং ইমাম আবদুর রহমান বিন ফয়সাল।
আধুনিক সৌদি শাসকদের মধ্যে বাদশাহ আবদুল আজিজ, বাদশাহ সৌদ, বাদশাহ ফয়সাল, বাদশাহ খালিদ, বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ এবং বাদশাহ সালমানের নামও ব্যবহার করা হচ্ছে।
এই উদ্যোগ সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।











