56085

ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির সংসদে বাজেট পেশ করেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করতে বাজেটে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। গ্রামীণ এলাকার বিকাশে যেমন গুরুত্ব দেয়া হয়েছে, তেমনই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথাও উঠে এসেছে নির্মলার বাজেট বক্তৃতায়।

ads

মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করের স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে। কর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বছরে ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর না লাগে। সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেতনভোগীদের ক্ষেত্রে এই সীমা ১২ লক্ষ ৭৫ হাজার টাকা করা হয়েছে।

সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের জন্য ট্যাক্স ডিডাকশন সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা ১ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন।

ads

কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষিঋণের পরিমাণ বাড়ানো হয়েছে এ বছরের বাজেটে। কেসিসি-র মাধ্যমে ঋণের পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

‘প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’-র ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে ১.৭৫ কোটি কৃষক উপকৃত হবেন।

ফ্রিল্যান্সার বা গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাদের পরিচয়পত্র দেবে সরকার।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে। এই ঘোষণায় উপকৃত হবেন দেশের ১ কোটি গিগ ওয়ার্কার।

ভারতের ৫০ পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। আগামী পাঁচ বছরের দেশের বিভিন্ন সরকারি স্কুলে অটল টিঙ্কেরিং ল্যাব গড়ে তোলার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা।

আগামী সপ্তাহে সংসদে আনা হবে নতুন আয়কর বিল। কর ব্যবস্থাকে আরও সহজ করতেই নতুন বিল আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা।

ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ভারতীয় পোস্টকে দেশের বৃহত্তম লজিস্টিক সংস্থা হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সীতারামন।

ad

পাঠকের মতামত