ভারতের প্রজাতন্ত্র দিবসে এবার প্রধান অতিথি ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আমন্ত্রণে সাড়াও দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো দিল্লিতে এবারও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। দেশজুড়ে পালিত হবে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। সেখানেই হাজির থাকবেন ম্যাক্রোঁ।
চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবস উদযাপনে অতিথি ছিলেন তিনি। একইভাবে ভারতের প্রজাতন্ত্র দিবসেও দেখা যাবে ফরাসি প্রেসিডেন্টকে। বাস্তিল দিবসের কুচকাওয়াজে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার ২৬৯ জন সদস্যও অংশ নেন।
প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে বিদেশি কোনো না কোনো রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আমন্ত্রণ জানায় ভারত সরকার। কিন্তু করোনার কারণে ব্যতিক্রম হয়েছিল ২০২১ ও ২০২২ সালে। ২০২৩ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
আর এবার ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু তিনি আসছেন না।
যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নিতাবাদী এক নেতাকে হত্যা চেষ্টার সঙ্গে ভারত জড়িত, এই অভিযোগ তোলায় ওয়াশিংটন-দিল্লি কূটনৈতিক শীতলতা চলছে। এবছর জি-২০ সম্মেলনের ফাঁকে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয় বাইডেনের দিল্লি যাওয়ার কোনো পরিকল্পনা নেই।









