গাজায় যুদ্ধবিরতির আহ্বান তিন দেশের
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশ তিনটির উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরব ও ইরানের মধ্যে বেইজিং চুক্তি নামে পরিচিত পুনর্মিলন চুক্তি অনুসরণের জন্য চীনের রাজধানী বেইজিংয়ে ওই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে দেশ তিনটির কর্মকর্তা বলেন, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি।
এছাড়াও বিবৃতিতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টারও কঠোর সমালোচনা করা হয়। সেই সঙ্গে এতে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা স্বাধীনভাবে দেশটির নাগরিকদের হাতে ছেড়ে দেয়ার প্রতিও জোর দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় আকাশ ও স্থল থেকে বোমা হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৭৮৭ জনে পৌঁছেছে। যা দিনদিন বেড়েই চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।











