48282

কুসিক মেয়র রিফাতের মৃত্যুতে নগরীতে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হকের মৃত্যুর খবর পৌঁছালে নগরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার সন্ধ্যা থেকে তার নগরীর মনোহরপুরের বাসায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভিড় বাড়তে থাকে। এদিকে মেয়রের মৃত্যু সংবাদ শুনে তার বাসায় ছুটে যান সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সুচনা।

গত বুধবার (৬ ডিসেম্বর) অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়ায় ঢাকায় শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় মেয়র রিফাতকে। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ads

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার জানান, মেয়র রিফাতের মরদেহ বৃহস্পতিবার সকালের মধ্যে ঢাকায় আনা হবে। শুক্রবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে টমচমব্রীজ গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।

ads
ad

পাঠকের মতামত