বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বুড়িচংয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
এন.সি জুয়েল: বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার (৯ ডিসেম্বর) বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম।
ছামিউল ইসলাম বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।











