কপ-২৮ সম্মেলনে জলবায়ু দুর্যোগ তহবিলের অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইতে চলছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে বিশ্ব নেতারা একটি জলবায়ু বিপর্যয় তহবিল অনুমোদন করেছে। যার মাধ্যমে খরা, বন্যা ও ক্রমবর্ধমান সমুদ্রের পানির প্রভাব মোকাবেলায় দুর্বল দেশগুলো কে সহায়তা করা হবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সম্মেলনটির উদ্বোধন করা হয়। খবর আল-জাজিরা।
এ চুক্তিটি ২০২৩ সালের কপ-২৮ সম্মেলনের একটি ইতিবাচক সংকেত বলে মন্তব্য করেন সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল-জাবের।
আল-জাবের সংযুক্ত আরব আমিরাতের শিল্পমন্ত্রী ও দেশটির জাতীয় জ্বালানি তেল কোম্পানির প্রধান। তিনি এই সম্মেলনের সভাপতিত্ব করছেন। তার প্রধান ভূমিকা নিয়ে সমালোচকরা নেতিবাচক মন্তব্য করেছে। তাদের ধারণা তার জ্বালানি তেলের সঙ্গে সম্পর্কের কারণে তাকে জলবায়ু পদে অযোগ্য ঘোষণা করা উচিত।
আল-জাবের বলেন, বিশ্বকে অবশ্যই জীবাশ্ম জ্বালানি সংস্থাগুলোকে নির্গমন বন্ধ করার জন্য সক্রিয়ভাবে সংযুক্ত করতে হবে, যা ২০৫০ সালের মধ্যে নেট-শূন্য কার্বন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।
জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল জানান, জীবাশ্ম জ্বালানির যুগকে পুরোপুরি বন্ধ করতে হবে।
এ সম্মেলনে ৭০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। দুই সপ্তাহ-ব্যাপী অনুষ্ঠানটিকে সর্বকালের বৃহত্তম জলবায়ু সমাবেশ হিসাবে বিবেচনা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধানসহ কয়েক ডজন বিশ্বনেতা রয়েছেন।











