নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: ইসি আনিছুর রহমান
মাইনুল হক: নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। এটাকে কোন অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।
আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা অনেক গুলো নির্বাচন করেছি। জাতীয় সংসদের উপনির্বাচন করেছি, স্থানীয় সরকার নির্বাচন করেছি। সবগুলোতেই আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ নিরপেক্ষতা সুষ্ঠতার সাথে সম্পন্ন করার জন্য। অনেক ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন মিডিয়াতে প্রশংসিত হতে, আবার কোন কোন জায়গায় কিছু সমালোচিতও হয়েছি আমরা। এখন পর্যন্ত আমাদের ইচ্ছা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন। সেটা থেকে আমরা পিছপা হব না। যা যা করনীয় সেটাই আমরা আজকে এখানে মতবিনিময় সভায় আলোচনা করেছি। আমরা প্রত্যেকেই ঢাকার বাইরে এখন। বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা একটাই ম্যাসেজ দিচ্ছি, কোন মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
ইসি আনিছুর রহমান বলেন, কে নির্বাচনে আসবে, কে আসবে না? এটা কিন্তু আমাদের দ্বায়িত্ব না। সাংবিধানিকভাবে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, আমরা সেভাবে তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের সাথে ৪৪টি দল নিবন্ধিত। আমরা সবাইকে বিভিন্ন সময় আহবান করেছি, আমন্ত্রণ জানিয়েছি। সর্বশেষ (৪ নভেম্বর) আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কেউ এসেছে কেউ আসে নাই। কে আসল, কে আসল না; আমাদের কিছুই করণীয় নেই। নির্বাচনে না আসার সিদ্ধান্তে কেউ যদি অটল থাকে বা তারা না আসে, সে ক্ষেত্রে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন ২০২৪ সালের ২৮শে জানুয়ারীর মধ্যে না হলে, সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে। যেটা কারোই কাম্য না।
তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতির কোন অস্বাভাবিকতা লক্ষ করিনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচন করা ছাড়া কোন গত্যন্তর নেই। নির্বাচন না করলে সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই নির্বাচন দরকার।
এর আগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মো: মঞ্জুরুল হাফিজ বিপিএএ।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
এ সময় ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কুমিল্লার জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।











