তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাদ ফিদানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েল আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তুরস্কের ক্ষোভ প্রশমিত করতে ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ফিদানের সঙ্গে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন ব্লিঙ্কেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে আঙ্কারা পৌঁছান ব্লিঙ্কেন। ব্লিঙ্কেনকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেক ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র-বিষয়ক পরিচালক ইয়াপরাক বলকান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুই মন্ত্রীর বৈঠকের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তার সফরের প্রতিবাদে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আদানার ইনকিলরিক শহরের মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় বিক্ষোভকারীরা। আইএইচএইচ হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন নামের একটি ইসলামিক সহায়তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীরা বিমান ঘাঁটির ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিতে আসলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের হামলার ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। নেতানিয়াহুর সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ইসরায়েল থেকে তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে অঘোষিত সফরে ইরাকে যান ব্লিঙ্কেন। তার আগে জর্ডান, লেবানন, কাতার, মিসর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলতি মাসে আরেকবার ইসরায়েল সফর করেন তিনি।










