কুমিল্লার নাজিরাবাজার থেকে ১৩২ কেজি গাঁজাসহ আটক ২
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় (৩ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খাড়েরা গ্রামের মোঃ শামসু মিয়া এর ছেলে মোঃ রাসেল (২৪) এবং কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের মোঃ আব্দুল হান্নান এর ছেলে মোঃ শরীফ (২০)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










