সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: গরীবের আইনজীবী খ্যাত সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর তাহার জন্মস্থান কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আজকের দিনে (২৭ অক্টোবর) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রথিতযশা এই আইনজীবীর স্মরণে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সদস্য এবং কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মরহুমের পুত্র মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্মৃতিচারণ বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
দিবসটি উপলক্ষে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে শানিচোঁ বাজারে আবদুল বাসেত মজুমদার ট্রাষ্ট হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মরহুমের কন্যা ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. খাদিজা আক্তার ঝুমা। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার নবী শাকিল উপস্থিত ছিলেন।

দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এবং সকল জেলা থেকে আইনজীবী নেতৃবৃন্দ সহ আটশত আইনজীবী স্মৃতিচারণ, দোয়া মাহফিলে যোগদান করেন।
এসময় কুমিল্লা জেলা দায়রা জজ মো. হেলাল উদ্দিন, লালমাই উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নাছরীন আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার সহ দেশের প্রখ্যাত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন একজন ভালো মানুষ ছিলেন বাসেত মজুমদার। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন আইনজীবীদের দুঃখ দূর্দশার কথা বলার একমাত্র লিডার ছিলেন তিনি। তিনি উপস্থিত সকলের নিকট বাসেত মজুমদারের জন্য দোয়া কামনা করেন।











