47299

ওয়ানডে ইতিহাসের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার ৬০০

স্পোর্টস ডেস্ক: চলতি ওয়ানডে বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দলটি তো অস্ট্রেলিয়া, তারা কি এত সহজে ভেঙে পড়বে!

না, বরং পরের তিন ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে ভালোভাবেই আছে অসিরা। সবশেষ জয়টি তো এসেছে বেশ কয়েকটি রেকর্ড গড়ে।

ads

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে এটিই কোনো দলের সবচেয়ে বড় জয়। এছাড়া রানের হিসেবে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বড় জয় এটি।

এখানেই শেষ নয়। ওই জয়ে আরও একটি অনন্য রেকর্ড গড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে ফরম্যাটে তারাই প্রথম দল যারা কিনা জিতেছে ৬০০টি ম্যাচ। এই নজির নেই বিশ্বের আর কোনও ক্রিকেট খেলুড়ে দেশের।

ads

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল অজিদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৯৯১তম। আর এই ম্যাচেই ৩০৯ রানের বিরাট ব্যবধানে জিতে তাদের ইতিহাসে ওয়ানডেতে ৬০০তম জয় তুলে নিয়েছে অসিরা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তারা জয় পেয়েছে ৫৫২টি ম্যাচে। তৃতীয় স্থানে পাকিস্তান, জিতেছে ৫১০টি ওয়ানডে।

অস্ট্রেলিয়ার পর ভারত এবং পাকিস্তানই কেবল দুটি দেশ, যারা ওয়ানডে ইতিহাসে ৫০০-এর বেশি ম্যাচ জিতেছে। আর কোনও দল এখনও পর্যন্ত ওয়ানডে জয়ের নিরিখে ৫০০ ম্যাচের গণ্ডি পেরতে পারেনি।

ad

পাঠকের মতামত