ভারত-বাংলাদেশ মাদক বিরোধী ফ্রেন্ডশিপ রাইড
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভারতীয় সাইক্লিস্টদের সাথে সাইকেল চালিয়ে মাদক বিরোধী ফ্রেন্ডশিপ রাইডের উদ্বোধন করলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার আয়োজনে নগরীর নগর উদ্যানের বঙ্গবন্ধু মুর্যাল প্রাঙ্গণে থেকে সাইকেল র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে প্রায় শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করে।

এর আগে সকাল ১০টায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্র্ধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সহকারী কমিশনার অতীশ সরকার, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রেসিডেন্ট শাহ মুজিবুল হক। সভাপতিত্ব করেন কুমিল্লা সাইক্লিস্ট প্রতিষ্ঠা এডমিন রাইহান সবুজ। এ সময় সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, প্রাবন্ধিক শাহীন শাহ ও বাংলা সংস্কৃতি বলয়ের সাংস্কৃতিক সংগঠক আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিউনিটি ও ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্টের আমন্ত্রণে চার দিনের সফরে বাইসাইকেলে চড়ে বাংলাদেশে আসেন ভারতের ১৬ জন নাগরিক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তাঁরা। এ সময় শূন্যরেখায় ভারতীয় দলটিকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের সদস্যরা।
পরে সাইকেল নিয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বিভিন্ন জেলায় ঘুরে কুমিল্লায় আসেন সাইক্লিস্টরা। চার দিনের ভ্রমন শেষে বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাবেন তারা।’











