কুমিল্লায় ৫শ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপন হবে: প্রাণ গোপাল দত্ত এমপি
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- কুমিল্লা উত্তরের উপজেলাগুলোর জন্য আধুনিক মানের ৫শ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নিমার্ণ করা হবে। আগামী ২/৩ মাসের মধ্যেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হলে এ জেলায় চিকিৎসা ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হবে। সেবার মান যেমন বাড়বে তেমনি ভাল চিকিৎসক তৈরীতেও ভূমিকা রাখবে। হাসপাতালটি ভৌগোলিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে চান্দিনার তীরচর এলাকায় নির্মান হবে।

তিনি মায়েদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মূল্যায়ন করেছেন। যা পৃথিবীর কোথাও নাই। নারীরা শুধু ঘরের কাজে সীমাবদ্ধ নয় বরং অনেক নারী বিদেশে কর্মসংস্থাান সৃষ্টি করে যেমন দেশের অর্থনীতি সমৃদ্ধ করছেন তেমনি পরিবারের সন্তানদের পড়াশোনার খরচও বহন করছেন। তাই নারীদের ভূমিকা অপরিসীম। পরে তিনি দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন বলে উদাত্ত আহ্বান জানান।
মা সমাবেশে ওই বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম, সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহসিন ভূইয়া, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা আবুল কালাম আজাদ, দানবীর সহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দেবনাথ প্রমুখ।











