46861

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, লেবাননে ফের দূতাবাস খুলছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে পুনরায় দেশটির দূতাবাস খোলা হবে। এর আগে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় প্রায় দুই বছর আমিরাতের দূতাবাস বন্ধ ছিল।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, ৫ অক্টোবর, বৃহস্পতিবার আবুধাবির আল শাতি প্রাসাদে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। সে সময় উভয় নেতাই ঘোষণা করেছেন, তারা বৈরুতে আমিরাতের দূতাবাস পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ads

লেবাননের নাগরিকদের জন্য আমিরাতের এন্ট্রি ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু করার জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছেন দুই নেতা। তারা উন্নয়ন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সমর্থন করে। লেবানন যেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটির জনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়।

ads

এদিকে মিকাতিও লেবাননের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দুই নেতা আবুধাবি ও বৈরুতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন।

২০১৯ সাল থেকে লেবানন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। মূলত দেশটির রাজনৈতিক অভিজাতরা বছরের পর বছর ধরে যে দুর্নীতি করেছেন তার জন্য এই সংকটের শুরু হয়েছে।

২০২১ সালের অক্টোবরে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এবং আরব আমিরাতের সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করেছিলেন লেবাননের তৎকালীন তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। এরপর আমিরাতের সঙ্গে দেশটির কূটনৈতিক সংকট শুরু হয়। লেবানন থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করে আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদেরও লেবানন ভ্রমণ নিষিদ্ধ করেছিল। একই সময়ে কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনও তাদের দেশ থেকে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করে।

সূত্র: দ্য নিউ আরব

ad

পাঠকের মতামত