অ্যাডোবির সহ-প্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: ফটোশপের নির্মাতা কোম্পানি অ্যাডোবি’র সহ-প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক মারা গেছেন। সোমবার (২১ আগস্ট) অ্যাডোবি এ তথ্য জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর- রয়টার্স
ওয়ারনকের মৃত্যুর কারণ উল্লেখ করেনি অ্যাডোবি। তবে মৃত্যুর সময় তার স্ত্রী গ্রাফিক্স ডিজাইনার মারভা ও তিন সন্তান পাশে ছিলেন বলে জানিয়েছে।
১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল পর্যন্ত জেশকের সঙ্গে যৌথভাবে কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন তিনি। পরবর্তীতে কোম্পানির পর্ষদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান।
অ্যাডোবি মূলত ‘অ্যাক্রোব্যাট’ ও ‘ফটোশপের’ জন্য পরিচিত। তবে ওয়ারনক কোম্পানির সিইও থাকার সময়ে বিভিন্ন ব্যবসা, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অডিও রেকর্ডিংসহ নানা সফটওয়্যার তৈরি করেছে প্রতিষ্ঠানটি।









