শোক দিবসে বিএসএমএমইউতে ২৭৬৮ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২ হাজার ৭৬৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানা কর্মসূচি মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়। এসময় এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা, কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি সেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা, ফটো গ্যালারি উদ্বোধন ও দোয়া মাহফিল।
এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে শোক দিবসের এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ ও ডেন্টাল অনুষদের বিভাগসমূহে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। একই সঙ্গে সেখানে বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভাগগুলোর উদ্যোগে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বহির্বিভাগ ১-এ মেডিসিন ও ডেন্টাল অনুষদের বিভাগসমূহে এক হাজার ৯০৭ জন এবং বহির্বিভাগ ২-এ সার্জারি অনুষদের বিভাগসমূহে ৮৬১ জনসহ মোট দুই হাজার ৭৬৮ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেও চক্ষু বিজ্ঞান বিভাগে রোগী দেখেন।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কিডনি প্রতিস্থাপন টিমে নেতৃত্ব দেন দেশের রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। এরপর বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বিএসএমএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। সবশেষে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল হয়।










