কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ
নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কুমিল্লা সিটি করপোরেশনের কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়ক। তাছাড়া বৃষ্টি হলেই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন এ সড়কে ভোগান্তিও হয় সবচেয়ে বেশি। ড্রেনের সংস্কার না হওয়ার কারনে ময়লা জমে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং বংশ বিস্তার করছে মশা।
এই বিষয়ে এলাকার মাইনুল ইসলাম লিহিন বলেন ; সড়ক সংস্কার করার জন্য বহুবার সাবেক মেয়রের কাছে আবেদন করা হলেও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ১০ বছর ধরে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর সড়কের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী।
তিনি বলেন, বর্তমান মেয়র যদি এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করে দেয় তাহলে এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবে।
এদিকে একই এলাকার সন্ধ্যা রানী বলেন, ড্রেনের সংস্কার নেই, প্রচুর মশা, রাতে ঘুমাতে পারিনা। দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলো বাড়িতে পানি ঢুকে। সড়কের দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সন্ধ্যা রানী বলেন, মাননীয় মেয়র আমাদের সড়কটি সংস্কার করে দিবেন, আমরা আপনার সহযোগিতা কামনা করি, দীর্ঘ ১০ বছর ধরে ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দিন।









