44641

ঢাকা-১৭ আসনে জয়ী নৌকার আরাফাত

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে উপনির্বাচনের তথ্য ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে সোমবার রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

ads

ঢাকার প্রাণকেন্দ্রের সংসদীয় আসনটির নবনির্বাচিত এ সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আরাফাত দেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন তিনি। তিনি টেলিভিশন টক-শোরও জনপ্রিয় মুখ।

ads

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় ভোট গণনা ও ফল ঘোষণা।

নির্বাচনের ১২৪টি কেন্দ্রের মধ্যে সবকটির ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট। এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট।

নির্বাচনে আরও অংশ নিয়েছিলেন বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক)।

সকালে ভোটগ্রহণ শুরু হলে কেন্দ্রে কেন্দ্রে ভোটার খরা দেখা যায়। কিছু এলাকায় সামান্য বৃষ্টি এবং দ্বাদশ জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে এই ভোট হওয়ায় তা নিয়ে অনাগ্রহের কারণেই ভোটার উপস্থিতি কম বলে অনেকে বলছিলেন।

সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম নির্বাচন ভবনের কন্ট্রোল রুমে উপস্থিত থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন।

এর ফাঁকে কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি।

তবে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ তুলে দুপুরের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বড় কোনো অভিযোগ ছাড়া যখন নির্বাচন শেষ হতে চলছিল, সেসময় বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। তাকে মারধর করে কেন্দ্রছাড়া করা হয়। আহত হওয়ার কারণে হিরো আলমকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটির পর সংবাদ সম্মেলন করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘হামলায় জড়িতদের মুখোশ উন্মোচন জরুরি। এ ঘটনায় যারা জড়িত, তারা আটক হোক। ইতিমধ্যে যারা আটক হয়েছে তারা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী।’

অন্যদিকে হাসপাতাল থেকে রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের বাসায় ফিরে সংবাদ সম্মেলন করে হিরো আলম নির্বাচন প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, পূর্বপরিকল্পনা অনুসারে তাকে আক্রমণ করা হয়েছে। এ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় জানিয়ে হিরো আলম বলেন, তিনি আক্রান্ত হওয়ার বিষয়ে মার্কিন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ সংশ্লিষ্ট সব জায়গায় চিঠি দেবেন।

ad

পাঠকের মতামত