কুমিল্লায় পল্লীবন্ধু এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা জাতীয় পার্টির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জাপা কার্যালয়ে উপজেলা জাপা সিনিয়র সহসভাপতি আলহাজ্জ হাসান রূপী মেম্বারের সভাপতিত্বে ও লালমাই উপজেলা জাপা সাধারণ সম্পাদক আনোয়ার চেয়ারম্যান এর সঞ্চালনায় এবং মাওলানা আবু ইউছুপ খন্দকারের মোনাজাতের মধ্যদিয়ে রুহের মাগফেরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা (দঃ) জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলহাজ্জ হুমায়ুন কবির মুন্শী বলেন, জাতীয় পার্টির জননন্দিত চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের ফর্মুলায় আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বর্তমানে যে দুইটি ফর্মুলা বিদ্যমান আছে ব্যালট ও ইভিএম এর কোনটাই নিরাপদ নয়। ব্যালটে জোর করে সন্ত্রাসী কায়দায় সিলমারা যায় বা ব্যালট ছিনতাই করা যায় অন্যদিকে ইভিএম ফর্মূলায় হাইটেকনোলজী প্রয়োগ করে ফলাফল পাল্টানো যায় কিন্তু তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া যায় না। অর্থাৎ উপরোক্ত দুইটি ফর্মুলার কোনটিই আমাদের জন্য সুখকর নয়। এমতাবস্থায় জিএম কাদের ফর্মুলা বাস্তবায়ন অত্যন্ত জরুরী। এই ফর্মুলা আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে চলমান রয়েছে। সে ফর্মুলা হচ্ছে জাতীয় নির্বাচনে দলীয় কোন প্রার্থী থাকবে না। দলীয় প্রতীকে ভোটারগণ ভোট প্রদান করবেন। উক্ত ভোটের আনুপাতিক হারে দলগুলি প্রতিনিধিত্ব পাবেন। ফলে একটি ছোট দল থেকেও একজন এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে।
অন্যদিকে এই ফর্মুলায় দলীয় প্রার্থী না থাকায় সন্ত্রাসী, পেশী শক্তি ও কালো টাকার ব্যবহার সীমিত হয়ে আসবে এবং ক্রমান্বয়ে তা নির্মূল হয়ে যাবে। আর এই ফর্মুলা বাস্তবায়িত হলে, রাজনীতিবিদ যারা নিজেদের সন্তানকে নিরাপত্তার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারাই রাজনীতি করার জন্য নিজের সন্তানকে দেশে ফিরিয়ে আনার শতভাগ সম্ভাবনা থাকবে। সুতরাং দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ ঠিকানা বিনির্মানে জিএম কাদের ফর্মুলার কোন বিকল্প নেই।
তাই আসুন আজ থেকে দৃঢ় মনোবল ও বুক ভরা সাহস নিয়ে আমরা এই অঞ্চলে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে জি এম কাদের ফর্মুলা বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলনে প্রস্তুতি গ্রহণ করি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিলা সদর দক্ষিণ উপজেলা জাপা নেতা ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, সার্জেন (অব:) আব্দুল মোতালেব, হাজী সুলতান আহম্মেদ, মোশারফ হোসেন, আবু তাহের, জসিম উদ্দিন খন্দকার, লালমাই উপজেলা জাপা নেতা দেলোয়ার হোসেন, আলেক হোসেন, জাফর ইকবাল, কাজী কামাল, আবদুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।











