44576

চীনের ফুওয়াই হাসপাতাল ও হৃদরোগ ইনস্টিটিউটের সমঝোতা সই

নিউজ ডেস্ক: শিশুদের হার্টে ছিদ্রসহ বিভিন্ন জন্মগত ত্রুটি থাকে। আর এসব রোগীদের বড় একটি অংশ আর্থিকভাবে অসচ্ছল। তাদের স্বল্পমূল্যে হৃদরোগের সেবা দিতে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে এ সমঝোতা চুক্তি সই হয়।

ads

হৃদরোগ ইনস্টিটিউটের পক্ষে পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন ও ফুওয়াই হাসপাতালের পক্ষে ড. জিয়ানবিন প্যান চুক্তিতে সই করেন।

এ বিষয়ে অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন। হৃদরোগ হাসপাতালে শিশুদের বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। শিশুদের হার্টের ছিদ্রসহ বিভিন্ন জন্মগত ত্রুটিও থাকে। এ ধরনের রোগের জন্য মূলত দুই ধরনের চিকিৎসা রয়েছে। একটি হলো ওপেন হার্ট সার্জারি, আরেকটি ডিভাইস ক্লোজার (অপারেশনবিহীন)। অপারেশনবিহীন পদ্ধতিটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। হৃদরোগ ইনস্টিটিউটে আগে এক হাজারের বেশি ডিভাইস ক্লোজার সার্জারি হয়েছে। তবে এ পদ্ধতিতে রেডিয়েশনের একটা ঝুঁকি থাকে। রেডিয়েশন শিশু বা গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর।

ads

তিনি আরও বলেন, চায়না ফুওয়াই হাসপাতাল একটা পদ্ধতিতে এই ডিভাইস ক্লোজার করছে। যেখানে কোনো রকম রেডিয়েশনের প্রয়োজন নেই। চীনের সঙ্গে এই চুক্তির ফলে আমরা রেডিয়েশনবিহীন ইকো মেশিন প্রযুক্তির সহায়তা পাবো। যা শিশু হৃদরোগীদের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে এবং উপকৃত হবে। দেশ ও জাতির জন্য এটা একটা মাইলফলক।

সমঝোতা স্মারকের আওতায় শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে সার্জারি, উচ্চতর গবেষণা, স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের বিষয়ে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল বিভিন্ন ধরনের সহযোগিতা করবে বলে জানান হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক।

ad

পাঠকের মতামত