ন্যাটো সম্মেলনের আগে যুক্তরাজ্য সফরে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) রাতে লন্ডনের উদ্দেশে রওনা হন বাইডেন। রোববার (৯ জুলাই) রাতেই লন্ডনে পৌঁছার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন লন্ডন সফরে প্রথমেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সোমবার (১০ জুলাই) উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাইডেনের। এ সাক্ষাতে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনা করবেন। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশকে কীভাবে আর্থিক সহায়তা করা যায় তা নিয়েও আলোচনা হবে দু’জনের।
এরপর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথেও দেখা করবেন। গত বছর অক্টোবরে ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এটা বাইডেনের সঙ্গে তার ষষ্ঠবারের মত বৈঠক। দুই নেতা ইউক্রেনের যুদ্ধসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
লন্ডন সফরের পর বাইডেনের লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বার্ষিক ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। সেখানে তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে আলাপ করবেন।
ইউক্রেনের দখল হওয়া এলাকাগুলো ফের দখলে দেশটিকে সাহায্য করার বিষয়টি তাদের আলোচনায় প্রাধান্য পাবে। এবারের ন্যাটো সম্মেলনের অন্যতম উদ্দেশ্যও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা।
হোয়াইট হাউস বলেছে, বাইডেনের এবারের সফর শেষ হবে হেলসিংকি ভ্রমণের মাধ্যমে। সেখানে সদ্য ন্যাটোতে যোগ দেয়া ফিনল্যান্ডসহ নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।









