আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ফের বাইডেনের আহ্বান
নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের জন্য কংগ্রেসকে পদক্ষেপ নিতে ফের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি দেশটির বড় শহরগুলোয় বন্দুক হামলায় ১৫ জন নিহত হওয়ার পর আইনপ্রণেতাদের প্রতি এ আহবান জানান তিনি। খবর: আল জাজিরা।
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বাইডেন বলেন, মানুষের হাতে অস্ত্র তুলে দিলে বন্দুক সহিংসতার সমাধান হবে না। এর জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। এছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র ধরে রাখার জন্য প্রত্যেক প্রজš§কে লড়াই করতে হয়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রাক্কালে দেশের বিভিন্ন রাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশজুড়ে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। স্বাভাবিকভাবে তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যে উঠে আসে বন্দুক সহিংসতা প্রসঙ্গ।
ওয়াশিংটন ডিসিতে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জো বাইডেন বলেন, সবার সহযোগিতায় গত ৩০ বছরের মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস করতে সক্ষম হয়েছেন তারা। তবে এটা যথেষ্ট নয়। এ কারণে দেশের শিশুদের রক্ষায় আরও কঠোর আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন করতে কংগ্রেসকে পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়া কোনো সমাধান নয়। বন্দুক সহিংসতা রোধে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতার ম্যাগাজিন ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং বন্দুক ক্রেতার অতীত আরও কঠোরভাবে যাচাই করতে হবে।
এ সময় তিনি বলেন, আমেরিকানরা ঐক্যবদ্ধভাবে কোনো লক্ষ্য অর্জনে সংকল্পবদ্ধ হলে কখনোই ব্যর্থ হয়নি। বন্দুক সহিংসতার মতো দেশের সব সংকট সমাধানের বিষয়ে আশাবাদী বলেও জানান জো বাইডেন।
অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা দেয়ার মাধ্যমে শিক্ষকরাই জাতির সাফল্যের প্রথম সোপান তৈরি করেন। সে কারণেই বাইডেন প্রশাসন শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। তিনি বলেন, বন্দুক সহিংসতা ও মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সদা সজাগ রয়েছে বর্তমান প্রশাসন।










