44236

নতুন কোম্পানি গড়ে উঠছে সংযুক্ত আরব আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্যমুখী নীতিমালার জন্য সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠছে নতুন কোম্পানি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৫০০-এর বেশি নতুন কোম্পানি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে কেবল রাস আল খাইমা অর্থনৈতিক অঞ্চলে (রাকেজ)। খবর অ্যারাবিয়ান বিজনেস।

আরব আমিরাতে ৪০টিরও অধিক মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে। তাদের মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে রাকেজ। গত বছরের একই সময়ের তুলনায় সেখানে বাণিজ্য প্রবৃদ্ধি ঘটেছে ১৩২ শতাংশ। উপাত্তটি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক সম্প্রসারণে অর্থনৈতিক অঞ্চল হিসেবে রাকেজের ভূমিকাকে আরো দৃঢ় করে। বাণিজ্য সংস্থাগুলোকে দেয় বিনিয়োগবান্ধব পরিবেশের বার্তা। রাকেজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা র‍মি জাল্লাদ দাবি করেছেন, ‘‌২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে আমাদের দক্ষতার ফলে ১৫০০টির বেশি নতুন কোম্পানি আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এটি আমাদের প্রগতিশীল পদক্ষেপ, শিল্পবান্ধব নীতিমালা ও বিভিন্ন মাত্রার ব্যবসাকে পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতির ফসল।’

ads

সাধারণ বাণিজ্য এবং ই-কমার্স থেকে শুরু করে মিডিয়া, পরিষেবা ও উৎপাদনসহ বিভিন্ন খাতের প্রবৃদ্ধি ঘটছে আরব আমিরাতে। বিশ্ব উদ্যোক্তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দেশের রাস আল খাইমায় বিশ্বজুড়ে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে রাকেজ নামের বাণিজ্যিক মুক্তাঞ্চলটি। বিনিয়োগকারীদের অধিকাংশই ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মিসর ও রাশিয়ার।

সাধারণ বাণিজ্য ও বাণিজ্যিক খাতে প্রায় ৬৫০টি নতুন কোম্পানি গড়ে উঠেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অঞ্চল অন্যান্য খাতেও আকর্ষণীয়ভাবে বৃদ্ধি লাভ করেছে। পরিষেবা খাতে ৬০০টিরও বেশি কোম্পানি, ই-কমার্স খাতে ১৭০টিরও বেশি কোম্পানি এবং মিডিয়া বাণিজ্যে ১০০টিরও বেশি কোম্পানির বিকাশ ঘটছে।

ads

অর্থনীতিতে বৈচিত্র্য আনয়নের পথে সংযুক্ত আরব আমিরাতের ধারাবাহিক সাফল্যকে তুলে ধরে এ বৃদ্ধি। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাকেজ বাণিজ্যিক দিগন্তকে আরো প্রসারিত করতে চায়। বিনিয়োগকারীদের জন্য তৈরি করতে চায় গতিশীল ব্যবসায়িক পরিবেশ।

ad

পাঠকের মতামত