নারীর অন্তর্বাস চুরির দায়ে বাংলাদেশি যুবকের তিন মাসের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: নারীর অন্তর্বাস চুরির দায়ে দোষী প্রমাণিত হওয়া এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার এক আদালত। দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী এক মহিলার অন্তর্বাস চুরি করে ওই যুবক। পরে তাকে আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেটের আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছে। খবর মালয়েশিয়ান সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমের।
মামলার সত্যতা, আসামিদের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকীন রোজলী হোসেন মো. ইকবাল (৩২) নামের যুবককে সাজা দেন। তিনি গত ৭ জুন স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে জালান মের্দেকা নামের ওই মহিলার ৫ রিঙ্গিত মূল্যের একটি অন্তর্বাস চুরি করেন।
ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিং দেখে এবং অভিযুক্তকে চুরি করতে দেখে তিনি পুলিশে রিপোর্ট দায়ের করেন।
এর আগে, ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন বলেছিলেন, অভিযুক্তকে কারাগারে রাখা উচিত কারণ সে উপদ্রব সৃষ্টি করতে পারে এবং মুক্ত হলে একই অপরাধ বারবার করতে পারে।
এরপর আদালত আসামিকে গ্রেপ্তারের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
যুবকটি একটি বিনোদন মিডিয়ার ওয়েটার হিসেবে কর্মরত বলে জানা গেছে।









