তুরস্কের বায়রাক্টার টিবি টু ড্রোন কিনেছে কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তুরস্কের বায়রাক্টার টিবি-টু ড্রোন। এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে নজর কেড়েছে। ড্রোনশিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। এবার এই ড্রোন কিনল মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কুয়েত।
মঙ্গলবার একথা জানিয়েছে কুয়েত বলেছে যে, তারা আঙ্কারার সাথে সরাসরি স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে তুর্কি বায়রাক্টার টিবি টু ড্রোন কিনেছে।
এ বিষয়ে বিবৃতি জারি করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।
বিবৃতিতে কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তি কুয়েতি সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক্যাল সরবরাহের পাশাপাশি চুক্তি অনুযায়ী ড্রোনগুলোর জন্য বিশেষ সুবিধা প্রস্তুত করবে তুরস্ক। এর মধ্যে রয়েছে অস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন নির্মাণ।
মন্ত্রণালয়টি বলেছে যে, ২০১৯ সালের জুলাই মাসে কুয়েতে ড্রোনগুলো পরীক্ষা করা হয়েছিল। সেগুলো ২৭ ঘণ্টা এবং ৩ মিনিট বিরতি ছাড়াই উড়েছিল। কঠিন জলবায়ু পরিস্থিতির মধ্যে এটি একটি রেকর্ড।
তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্টার টিবি-টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে। বিশ্বের ১৪টিরও বেশি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনেছে। এদের মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া. মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান। আরও ১৬টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে গত বছর জানিয়েছিলেন কোম্পানির কর্মকর্তারা।









