মালয়েশিয়ার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সংসদীয় কমিটির সভায় বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) মালয়েশিয়ার জাতীয় সংসদ ভবনের একটি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশ জাপান, ইতালি, নরওয়ে, কানাডা, ফিলিপাইন, মেক্সিকো, যুক্তরাজ্য ও তুরস্কসহ নয়টি দেশের কূটনৈতিকরা অংশ নেন।
সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়ার সুবাংয়ের সংসদ সদস্য Hon. Tuan Wong Chen এবং সভাপতি Parliamentary Special Select Committee. মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ ও রাজনৈতিক দলের নয়জন সংসদ সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।
এ সভায় অন্য আটটি দেশের হাইকমিশন ও দূতাবাসের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকে আমন্ত্রণ জানানো হয় এবং বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত সংসদীয় কমিটির সদস্যদের সাথে বিভিন্ন দেশের পরিচিতি ও মালয়েশিয়ার সাথে সংশ্লিষ্ট দেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে আলোচনা করা হয়। এই সভার মাধ্যমে কমিটি মালয়েশিয়ার সাথে অংশগ্রহণকারী দেশসমূহের দ্বিপাক্ষিক সম্পর্কের এবং আন্তর্জাতিক বাণিজ্যের নীতিগুলো পর্যবেক্ষণ ও প্রভাবিত করার ক্ষেত্রে আইনপ্রণেতা হিসেবে তাদের ভূমিকা ব্যাখ্যা করে।
বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার সভায় অংশ নিয়ে মালয়েশিয়ার সাথে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করাসহ অন্য দেশের ন্যায় নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে মর্মে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশ-মালয়েশিয়া প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) আলোচনা দ্রুত শুরু করাসহ মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশে একটি শক্তিশালী হালাল ইকো-সিস্টেম প্রতিষ্ঠার ব্যপারে বাংলাদেশের আগ্রহের বিষয়টিতে কমিটির দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট নির্বাহী বিভাগের নিকট তা উপস্থাপন করার অনুরোধ করেন।
এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের ব্যাপক চাহিদার প্রসঙ্গ উল্লেখপূর্বক তিনি অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলে যাতে উদ্যোগী ভূমিকা পালন করে সে ব্যাপারে কমিটিকে অনুরোধ করেন।
আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক Special Select Committee-এর সভাপতি Hon. Tuan Wong Chen বাংলাদেশকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে নতুনভাবে তুলে ধরার জন্য কমিটির পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সভায় উপস্থাপিত বিষয়সমূহ এই কমিটি Ministry of Foreign Affairs and Ministry of Investment, Trade, and Industry-এর সাথে আলোচনাপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাবে।
হাইকমিশনার মো: গোলাম সারোয়ার জানান, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধিতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।











