কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন
নিউজ ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হলের সামনে এ কর্মসূচি পালনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রিমা,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, ইটিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, এখন টিভি কুমিল্লার প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, বিজনেস বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি সৈয়দ আহাম্মদ লাভলু, সমকাল কুমিল্লা প্রতিনিধি কামাল হোসেন, ডিবিসি কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দীন চৌধুরী, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, সাবেক মাই টিভি চৌদ্দগ্রাম প্রতিনিধি জসীম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিক রক্ষার কোনো আইন চালু হয়নি। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়। সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা ছাড়া যেকোনো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিকেরা ঘায়েল হলে তার প্রভাব সমাজ ও দেশের উপর পড়বে। যা অপরাধীদের উৎসাহিত করার শামিল। এভাবে চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হবে।
অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।









