পেটে অস্ত্রোপচার সম্পন্ন পোপ ফ্রান্সিসের
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের পেটে অস্ত্রোপচার করা হয়েছে। তিন ঘন্টার ওই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভ্যাটিকান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ভ্যাটিকানের বিবৃতির বরাতে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রোমের জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় পোপ ফ্রান্সিকে। ৮৬ বছর বয়সী পোপের ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দেওয়ার পর এ অস্ত্রোপচার করা হলো। এ সময় কোন জটিলতা দেখা দেয়নি।
এর আগে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে পোপকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
বুধবারের অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্ট এক চিকিৎসকের জানিয়েছেন, অস্ত্রোপচার এবং এনেস্থিশিয়া দেওয়ার সময় ৮৬ বছর বয়সী পোপ বেশ ভালোভাবে সাড়া দিয়েছেন। এরই মধ্যে তিনি একটি রসিকতাও করেছেন।
অস্ত্রোপচার শেষে রোমে এক সংবাদ সম্মেলনে ডঃসার্গিও আলিফিরি বলেছেন, ‘ তিনি বেশ ব্যথা অনুভব করছিলেন । যদিও এটি কোনো জরুরি অস্ত্রপচার ছিল না। তিনি ধারাবাহিক ব্যথার মধ্যে থাকায় গতকাল এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
তিনি আরও জানান, প্যাথোলজি বা আর কোনো অসুস্থতা পাওয়া যায়নি পোপের। এখন জেগে আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি হাসপাতাল থেকেই তার কাজ শুরু করেছেন আবার।
এদিকে আজ বৃহস্পাতিবার (৮ জুন) ভ্যাটিকানের প্রেস অফিস টেলিগ্রামে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে ‘সুস্থভাবে রাত কাটিয়েছেন’ পোপ।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর ওই পদে স্থলাভিসিক্ত হন। শারিরীক অসুস্থতার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ২০১৩ সালেই তিনি একটি পদত্যাগপত্র প্রস্তুত করে রেখেছেন।











