যুক্তরাজ্যে এক নারীসহ বিশ্বনাথের পাঁচ প্রবাসী কাউন্সিলর নির্বাচিত
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের চার সিটি কাউন্সিল নির্বাচনে শিরিন আক্তার নামের এক নারীসহ এপর্যন্ত বিশ্বনাথের পাঁচজন প্রবাসী কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সকলেই লেবার পার্টি থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত প্রবাসীদের স্বজন ও শুভাকাঙ্খীরা সোশাল মিডিয়া ফেসবুকে বিজয়ের এই আনন্দ উচ্ছাস নিজ নিজ টাইমলাইনে শেয়ার করছেন। কেউ কেউ মোবাইল ফোনে বিজয়ের খবর জানাচ্ছেন আবার কেউ কেউ আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি বিতরণ করা মিষ্টির ছবিও ফেসবুকে দিচ্ছেন। সব মিলিয়ে বিজয়ীদের বাড়িতে আনন্দের বন্যা বইছে।
জানাগেছে, শিরিন আক্তার নামের ওই নারী গত ৪মে যুক্তরাজ্যের চেষ্টার সিটি নির্বাচনে আপটন এলাকা থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভুত শিরিন উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্লাহ ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে।
অন্য চারজনের মধ্যে রয়েছেন উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল জব্বার ও দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আব্দুল মালিক। তারা দু’জনই যুক্তরাজ্যের ওল্ডহাম সিটি কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বাকি দু’জনের মধ্যে রয়েছেন দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের ইফতেখার আলম মুকুল। তিনি নরউইচ এর নিউ কসটেস্সে কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় বারের মতো যুক্তরাজ্যের কিগলী টাউনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল মো. শহিদ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আব্দুর রাজ্জাকের ছেলে।









