43014

কোয়াড সম্মেলনে বাইডেন, কিশিদা, মোদিকে স্বাগত জানাবেন আলবেনিজ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ায় কোয়াড নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এই তথ্য জানিয়েছেন। সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সিডনির ওপেরা হাউজে ২৪ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এটিই হবে অস্ট্রেলিয়ায় কোয়াড নেতাদের প্রথম বৈঠক।

ads

গত বছর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে জাপানের টোকিওতে কোয়াডের একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন আলবেনিজ।

বুধবার সাংবাদিকদের আলবেনিজ বলেছেন, মূল্যস্ফীতিজনিত চাপে থাকা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে, এখন অনেক বেশি অনিশ্চিত বিশ্বে বসবাস করছি। আমাদের অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা রয়েছে। ইউক্রেনে রুশ আক্রমণের চলমান প্রভাবও রয়েছে।

ads

তিনি আরও বলেছেন, কোয়াড অংশীদাররা ইন্দো-প্রশান্ত অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে চায়। একটি উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত গঠনে কোয়াড প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে সবার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত থাকবে।

আলবেনিজ বলেছেন, সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে যোগ দিতে নভেম্বরে যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে। তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।

চলতি মার্চ মাসে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন আলবেনিজ। ওই সময় বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তথাকথিত আকসু অংশীদারত্বের ঘোষণা দেন।

ad

পাঠকের মতামত