৪৮ হাজার মানুষের অংশগ্রহণে লন্ডন ম্যারাথন অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বনামখ্যাত দৌড়বিদদের অংশ গ্রহণে রোববার (২৩ এপ্রিল ২০২৩) অনুষ্ঠিত হয়েছে ৪৩তম লন্ডন ম্যারাথন। এবার বিশ্বের বড় আসরগুলোর মধ্যে অন্যতম লন্ডন ম্যারাথনে ৪৯,৬৭৫ জন দৌড়বিদ রেজিস্ট্রেশন করেন। ২৬ দশমিক ২ মাইলের ম্যারাথনের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন ৪৮ হাজারের বেশি দৌড়বিদ। লন্ডন ম্যারাথন প্রতিবছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও করোনার কারণে পরিবর্তন হয়ে অক্টোবরে অনুষ্ঠিত হয়। তবে এবছর ম্যারাথন এপ্রিলেই ফিরে এসেছে। যদিও বৃষ্টি থাকায় ম্যারাথনে দৌড়বিদদের কিছুটা কষ্ট হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনইউচ পার্ক থেকে দৌড় শুরু করে ২৬.২ মাইল দৌড়ে বাকিংহাম প্যালেসের সামনে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে কোমল পানি, চকলেট, খাবার বিতরণের পাশাপাশি বিভিন্নভাবে দৌড়বিদদের মনোরঞ্জন দিতে দেখা যায়। এছাড়াও দৌড়বিদদের বিভিন্ন ধরনের পোশাক মানুষের নজর কাড়ে। বৈরী অবহাওয়া উপেক্ষা করে ম্যারাথনে উৎসাহ দিতে স্থানীয়দের পাশাপাশি হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এবং ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোববার ম্যারাথন এলাকা মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে।
ম্যারাথন সফল করতে বিশ্বের বিভিন্ন দেশের চ্যারিটি সংগঠনের প্রতিনিধিরা কাজ করেন এবং প্রচুর অর্থ সংগ্রহ করেন। ১৯৮১ সালে অ্যাথলিক ক্রিস ব্রাশার ও জন ডিসলিধারা ম্যারাথন শুরু হলেও আজ পর্যন্ত চলমান রয়েছে। সময় যত গড়াচ্ছে ম্যারাথন জনপ্রিয় হয়ে উঠছে। দীর্ঘ ২৬ দশমিক ২ মাইল পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত শিরোপা অর্জন করেন কেনিয়ার অ্যাথলিট কেলভিন কিপটাম, তিনি ২ ঘণ্টা ১ মিনিট ২৫ সেকেন্টে ফিনিস লাইন অতিক্রম করেন। মহিলাদের দৌড়ে বিজয়ী হন ইথিওপিয়ান বংশোদ্ভূত সিফান হাসান, তিনি ২ ঘণ্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্টে ফিনিস লাইন অতিক্রম করেন। এবারের ম্যারাথনে চারজন বৃটিশ রানার শীর্ষ দশে নাম লিখিয়েছেন।










