সম্পর্কোন্নয়নে সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে ফ্রান্স-চীন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সব বাধা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে চীন ও ফ্রান্স। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় শুরুতে দেয়া এক ভাষণে শি জিনপিং বলেন, ‘চীন এবং ফ্রান্স বিশ্বের অন্যতম পরাশক্তি। তাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং রক্ষার ক্ষেত্রে যেসব বাধা এবং প্রতিবন্ধকতা রয়েছে তা অপসারণের সক্ষমতা এবং দায়িত্ব রয়েছে।’
চীনা প্রেসিডেন্ট বলেন, ‘চীন ও ফ্রান্সের উচিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সাধারণ নির্দেশনা মেনে চলা যা স্থিতিশীল, পারস্পরিক, অগ্রগামী এবং প্রগতিশীল, সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার জন্য খুবই প্রয়োজনীয়।’ শি আরও বলেন, ‘গত কয়েক বছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে।’ এ সময় তিনি মহাকাশ, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা স্বীকার করেন।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি সহযোগিতার এই ক্ষেত্রগুলোতে চীনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা করছেন। এ সময় তিনি চীনের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক উপকারী অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে সহযোগিতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ম্যাক্রোঁ রাশিয়ার ওপর প্রভাব খাটিয়ে ইউক্রেন সংকট সমাধান করে সেখানে শান্তি আনয়নে চীনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি, রাশিয়াকে বাস্তবে ফিরিয়ে আনতে এবং সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আমি আপনার ওপর আস্থা রাখতে পারি।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের ইউক্রেনের জন্য একটি স্থায়ী শান্তি খুঁজে বের করতে হবে। এমন একটি শান্তি প্রক্রিয়া যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে সম্মান করা হবে এবং যেকোনো ধরনের উত্তেজনাকে এড়িয়ে যাওয়া হবে।’
ম্যাক্রোঁ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এটি ফ্রান্স এবং ইউরোপের জন্য যতটা গুরুত্বপূর্ণ চীনের জন্যও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।’









